উত্তর মেসেডোনিয়ার টেটোভা শহরের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।
বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বিবিসি।
স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শহরের একটি প্রধান সড়কের কাছে একটি ভবন দাউদাউ করে আগুন জ্বলছে। আশপাশের এলাকা ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপচে আশঙ্কা প্রকাশ করেছেন।
তিনি জানিয়েছেন, বেশ কিছু রোগীকে উদ্ধার করে রাজধানী স্কোপয়ে’র হাসপাতালে পাঠানো হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘ভয়াবহ একটি দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
তবে এ সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি। হাসপাতালটিতে কত রোগীর চিকিৎসা চলছিল, সেটিও স্পষ্ট নয়।
করোনাভাইরাসে আক্রান্ত জটিল লক্ষণযুক্ত রোগীদের জন্য গত বছরই হাসপাতালটি নির্মাণ করা হয়।
প্রায় ২০ লাখ মানুষের দেশ উত্তর মেসেডোনিয়ায় ১ লাখ ৮০ হাজার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে।
