সুনামগঞ্জে নেচে-গেয়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৭ পিএম

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের পাখিমারা হাওরে এই নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।

প্রতিযোগিতায় পংকী রাজ, বীরবাংলা, হিজলতরী, পবন, বীরপবনসহ সিলেট বিভাগের ৩০টি বাহারি সাজের নৌকা অংশগ্রহণ করে।

নৌকা বাইচ দেখার জন্য সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষ সমবেত হন পাখিমারা হাওরের চারপাশে। নেচে-গেয়ে তারা প্রতিযোগিতা উপভোগ করেন।

উদ্বোধন শেষে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন অব্যাহত রাখতে হবে।

স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে এ প্রতিযোগিতাকে উৎসর্গ করা হলো’ মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে উন্নয়ন হচ্ছে না। শহর থেকে গ্রাম সব জায়গায় এত উন্নয়ন অতীতে কোনো সরকার করতে পারেনি। একমাত্র আওয়ামী লীগ সরকার পেরেছে।

মন্ত্রী আরও বলেন, গুজবে কান দেবেন না। একটা চক্র চায় বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে, দেশে দাঙ্গা-হামলা লাগিয়ে দেশের শান্তি নষ্ট করতে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন উন্নয়নের সরকার। তিনি সব সময় ভাবেন যে কোনো উন্নয়ন করলে দেশের মানুষের উপকারে আসবে, তাদের ভোগান্তি লাঘব হবে। দেশের মানুষের জন্য তিনি সেটাই করেন।’

এ ছাড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত