হার দিয়েই কিরগিজস্তান সফর শেষ করল বাংলাদেশ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৪১ পিএম

কিরগিজস্তানে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দুই ম্যাচের দুটিতেই হেরেছিল বাংলাদেশ। ফিলিস্তিনের বিপক্ষে হারের পর স্বাগতিকদের বিপক্ষেও বড় ব্যবধানে হার মানে জেমি ডের দল। সেই সিরিজ শেষে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে প্রীতি ম্যাচেও হারল লাল সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার দোলন ওমরজাকোভ স্টেডিয়ামে ৩-২ গোলে হারে বাংলাদেশ। সুমন রেজা জোড়া গোল করেও জেতাতে পারেননি দলকে।

ম্যাচে বাংলাদেশই প্রথমে লিড নিয়েছিল। ১১ মিনিটে সুমন রেজা এগিয়ে দেন দলকে। তবে সেই লিড ধরে রাখতে পারেনি জেমির দল। ২৪ মিনিটে সমতায় ফেরে কিরগিজস্তান অনুর্ধ্ব-২৩ দল। সতীর্থের পাস থেকে ব্যাক হিলে দারুণ এক গোল করেন আমানজান ঝানিবেক।

২৮ মিনিটে স্বাগতিক দলকে এগিয়ে দেন গুলজিঘিত বরুবায়েভ। বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে মাকসাত আলিগোলুভের গোলে ব্যবধান ৩-১ করে দলটি।

৬৪তম মিনিটে সুমন রেজা নিজের দ্বিতীয় গোল আদায় করলে বাংলাদেশের আশা জাগালেও শেষ রক্ষা হয়নি।

ফিলিস্তিনের বিপক্ষে ২-০ ব্যবধানে হার দিয়ে সফর শুরু করা বাংলাদেশ পরের ম্যাচে স্বাগতিক কিরগিজস্তানের কাছে হেরে যায় ৪-১ গোলে। এদিন কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে অবশ্য প্রথমসারির অনেককেই খেলাননি জেমি ডে। আগের ম্যাচের একাদশে ৯ পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত