লক্ষ্মীপুরে নিখোঁজের তিন দিনেও হদিস মেলেনি মা-দুই মেয়ের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪২ পিএম

জেলার রামগতিতে স্কুলের উদ্দেশে বের হয়ে মা মারজাহান বেগম (২৮) ও দুই মেয়ে সুরাইয়া জাহান সামিয়া (৮) ও বিবি ফাতেমার (৪) এখনো হদিস মেলেনি।

গত তিন দিনে তাদের হদিস না পাওয়ায় বাবা হেলাল উদ্দিনসহ পরিবারের লোকজন চরম উৎকণ্ঠায় দিন কাটছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে দুই মেয়েকে নিয়ে রামগতির রামদয়াল বাজারে আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমিতে রওনা হন মা মারজাহান বেগম। ওইদিন সুরাইয়া জাহান সামিয়ার পরীক্ষা ছিল। স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হন মা ও দুই মেয়ে।

এরপর শুক্রবার মারজাহান বেগমের স্বামী হেলাল উদ্দিন বাদী হয়ে রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার দুপুর পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি পরিবার ও পুলিশ।

মেয়ের বাবা মো. হেলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ‘বড় মেয়ে সুরাইয়া জাহান সামিয়া ও ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে আমার স্ত্রী মারজাহান বেগম স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। কিন্তু আমার স্ত্রী মেয়েদের নিয়ে স্কুলে যাননি বলে মোবাইল ফোনে স্কুলের শিক্ষিকা শিলা আক্তার জানান।

তখন থেকে তাদের খোঁজ নিতে শুরু হয়। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খুঁজে তাদের পাইনি। এখনো কেউ তাদের কোনো সন্ধান দিতে পারেনি। আমার স্ত্রী ও দুই সন্তানকে ফিরে পেতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, নিখোঁজের ঘটনাটি বিভিন্ন থানায় জানানো হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে কি কারণে নিখোঁজ হয়েছে, না এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা, সেটা নিয়ে তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত