৩৩৩ নম্বরে কল দিয়ে ১০০ দিনে শরীয়তপুর সদর উপজেলার অন্তত এক হাজার পরিবার খাদ্যসহায়তা পেয়েছে। ৩৩৩ থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে খাদ্যসামগ্রী প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হলে পৌঁছে দেওয়া হয় এসব সহায়তা।
এর আগে স্থানীয় ইউএনওর নির্দেশে সদর উপজেলার ইউনিয়নগুলোয় মাইকিং করে বলা হয়, ৩৩৩-এ কল দিয়ে খাদ্যসামগ্রী পাওয়া যায়। তারই ধারাবাহিকতায় ১০০ দিনে এক হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের এসব খাদ্যসামগ্রী তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই ও শরীয়তপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা।
খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি তেল, ১ কেজি আটা, ৫০০ গ্রাম পেঁয়াজ ও ১ কেজি আলু দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক খাদ্যসামগ্রী পাওয়া এক ব্যক্তি বলেন, ‘আমি মধ্যবিত্ত পরিবারের। কারও কাছে কিছু চাইতে লজ্জা লাগে। সরকার ভালো উদ্যোগ নিয়েছে। ৩৩৩-এ কল দিলে খাদ্যসামগ্রী বাড়িতে চলে আসে। আমিও পেয়েছি।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, ‘৩৩৩ নম্বরে খাদ্যসামগ্রী বিতরণে শরীয়তপুর সদর উপজেলায় আমরা ভিন্ন পন্থা অবলম্বন করেছি। রোভার স্কাউটসের সদস্যদের দিয়ে আগে যাচাই এবং পরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া নিশ্চিত করেছি। ১০০ দিনে সহস্রাধিক অসহায় পরিবারকে আমরা খাদ্যসহায়তা দিয়েছি।’
