করোনাভাইরাস মহামারিতে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবারও প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী এক ঘণ্টার ক্লাস নেন। বিভিন্ন বিভাগের প্রায় ৩০ জন শিক্ষার্থী ক্লাসে অংশ নেন।
এর আগে ২৬ আগস্ট একই দাবিতে দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন এবং ২৯ আগস্ট পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু প্রতীকী ক্লাস নিয়েছিলেন।
প্রতীকী ক্লাস শেষে অধ্যাপক মানস চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সরকারের পরিকল্পনাহীনতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। শিক্ষার্থীদের জন্য এটা হতাশাজনক। সরকারের প্রতি আস্থা রাখতে না পেরেই তারা আজকে একত্রিত হয়েছে। শিক্ষার্থীদের অনুভূতি অনুভব করতে পেরেই তাদের সাথে যোগ দিয়েছি।’
গতকাল শুক্রবার রাতে এই ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছিলেন অধ্যাপক মানস চৌধুরী। তার ক্লাসের বিষয় ছিল ‘চুপ করিয়ে দেওয়ার প্রাতিষ্ঠানিকতা’।
