প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১১:৪০ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া নেজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রকিবুল হাসানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও লিখিত অভিযোগ করেছে স্কুলের শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুরে বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়া ও ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা লিখিত অভিযোগ দিয়ে বিক্ষোভ শেষ করে।

শিক্ষার্থীরা জানায়, ২০২০ সালের জেএসসি পরীক্ষায় প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফলাফল আসার পর দেখা যায় ১২ জন শিক্ষার্থীর ফল প্রধান শিক্ষক রকিবুল হাসান প্রতিষ্ঠিত প্রভাকরদী হাজী ছখিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নামে এসেছে। প্রশংসাপত্রও দেওয়া হয় ওই বিদ্যালয়ের নামে। এছাড়া তিনি অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০ টাকা করে এবং সময়মতো জমা দিতে না পারলে আরও ২০ টাকা জরিমানা নেন। জেএসসি ও এসএসসি ফরম ফিলাপের সময় অতিরিক্ত টাকা নেন। তার ছত্রছায়ায় স্কুলের দুই শিক্ষক কোচিংবাণিজ্য করছেন। কোনো শিক্ষার্থী কোচিং করতে না চাইলে পরীক্ষায় ফেল করানোর হুমকি দেন।

এ ব্যাপারে প্রধান শিক্ষক রাকিবুল হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। বরং বিভিন্ন টালবাহানা করে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদৎ আলী মোল্লা বলেন, ‘অ্যাসাইনমেন্টের জন্য জরিমানার কোনো সুযোগ নেই, যদি কেউ নেয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত