লিগ্যাল এইডে সরকারি খরচে ৫৯০১ মামলায় বিকল্প বিরোধ নিষ্পত্তি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:০০ পিএম

চলতি বছরের জানুয়ারি থেকে জুন এই ছয় মাসে লিগ্যাল এইডে সরকারি খরচে ৫ হাজার ৯০১ মামলায় বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) করা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে বিকল্প বিরোধ নিষ্পত্তি করা হয়েছে ৫ হাজার ৯০১টি। এর মধ্যে মামলা দায়েরের পূর্বে (প্রি-কেইস ম্যানেজমেন্ট) ৫ হাজার ১১১টি এবং মামলা দায়েরের পর ৭৯০টি।

মহামারি করোনা সংকটেও জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে আর্থিকভাবে অসচ্ছল বিচারপ্রার্থীদের সারাদেশের আদালতসমূহে আইনি সহায়তা অব্যাহত রয়েছে।

করোনার মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস কার্যক্রমও অব্যাহত রয়েছে। বর্তমানে করোনার এই প্রাদুর্ভাবের কারণে আইন সহায়তা প্রত্যাশীরা অফিসের নির্ধারিত নম্বরে (০১৭০০-৭৮৪২৭০) যোগাযোগ করলেই আইনি পরামর্শ পাচ্ছেন।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্ধারিত হটলাইন নম্বর ১৬৪৩০ নম্বরে  আইনি সেবা অব্যাহত রয়েছে।

সরেজমিন দেখা যায়, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে আগত আইনগত সহায়তা প্রত্যাশীদের অফিসে মাস্ক পরিধান তথা স্বাস্থ্যবিধি নিশ্চিত করা আছে। তবে বিচারপ্রার্থীদের অফিসে প্রবেশের ক্ষেত্রে হাত ধোয়া ও জীবাণুমুক্ত করতে প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য বিষয় অফিস থেকেই সরবরাহ করা হচ্ছে।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত এ অফিসের প্রবেশ মুখেই প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয় রাখা আছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন-২০০০’ প্রণয়ন করে। ২০০০সালে তৎকালীন শাসন আমলে আইনটি প্রণয়ন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। তারপরের সরকার গুলো আইনটি কার্যকরে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর আওয়ামী লীগ দরিদ্র ও অসচ্ছল জনগণের বিচারপ্রাপ্তি নিশ্চিতে আইনটি কার্যকরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এবং তা অব্যাহত রয়েছে।

২০০০ সালে প্রণীত আইনটি অনুযায়ী ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’ গঠন করা হয়। রাজধানীর ১৪৫, নিউ বেইলি রোডে এ সংস্থার প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত