হাতিরঝিলের মতো হবে কল্যাণপুর খাল: মেয়র আতিকুল

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১১:১৯ পিএম

রাজধানীর কল্যাণপুরে হাতিরঝিলের অনুরূপ আরেকটি দৃষ্টিনন্দন জলাধার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার সকালে গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন অ্যাসফল্ট প্ল্যান্টের জমি উদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘কল্যাণপুরে যে জলাধারটি নির্মাণ করা হবে তাতে ওয়াকওয়ে ও সুইমিংপুলও সংযুক্ত থাকবে।’

তিনি বলেন, কল্যাণপুর জলাধারের জন্য নির্ধারিত ১৭৩ একর জমির মধ্যে ১৭০ একর এবং গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন অ্যাসফল্ট কান্ট ও অন্যান্য কার্যক্রমের জন্য নির্ধারিত ৫২ একর জমির মধ্যে অর্ধেকেরও বেশি অবৈধ দখলদারদের দখলে রয়েছে। আজকের অভিযানে বিনা প্রতিবন্ধকতায় প্রায় ২০ বিঘা জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জমিতে দ্রুততম সময়ের মধ্যেই বাউন্ডারি ওয়াল দেয়া হবে।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম এবং স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত