গাজীপুরে বকেয়া বেতন-ভাতা ও ঈদুল আজহার বোনাস পরিশোধ এবং বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা বিক্ষোভ করেছেন। গতকাল সোমবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সামনে ঢাকা-গাজীপুর সড়কে প্রায় দুই ঘণ্টা অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে লক্ষ্মীপুরা এলাকার ‘স্টাইল ক্র্যাফট’ পোশাক কারখানার শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সড়কের উভয় পাশে শতাধিক যান আটকা পড়ে জটের সৃষ্টি করে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ জালাল উদ্দিন জানান, পুলিশের মধ্যস্থতায় শ্রমিক নেতারা ঘটনাস্থলে এসে আন্দোলনরতদের সঙ্গে আলোচনা করেন। আলোচনা শেষে বিষয়টি সমাধানের জন্য আন্দোলনরতদের আগামী ৩০ কর্মদিবস পর্যন্ত ধৈর্য ধারণের জন্য অনুরোধ করলে তারা সেটি মেনে নেন। অবশেষে বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক ও যান চলাচল শুরু হয়।
