ফরিদপুরের চরভদ্রাসনে নৌকা থেকে পানিতে পড়ে মোহাম্মদ নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার উপজেলার সদর ইউনিয়নের দবির উদ্দিন প্রামাণিক ডাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মাসুদ মোল্যার ছেলে।
স্থানীয় চরহরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন খান জানান, সোমবার শিশুটি অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশের জাকিরের সূরা নামক স্লুইচ গেট সংলগ্ন লোহারটেক খালের পানিতে নৌকার উপর চরে খেলা করছিল।
খেলতে গিয়ে হঠাৎ করে শিশুটি নৌকা থেকে পানিতে পড়ে যায়। এ সময় সঙ্গে থাকা অপর এক শিশু দৌড়ে গিয়ে শিশুটির বাড়িতে পানিতে পড়ে যাওয়ার খবর জানায়।
পরে, পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে। পরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান শিশুটির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
চরভদ্রাসন থানা পরিদর্শক মো. জিয়ারুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
