জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে সহকারী জজ হয়ে কর্মরত নজরুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন তার স্ত্রী।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলেশের (ডিএমপি) শাহবাগ থানায় মামলা করেন কানিজ ফাতেমা।
মামলার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার।
তিনি বলেন, ‘এক নারী স্বামী নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন। এ বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।’
নাম প্রকাশ না করে থানার এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘ওই নারী যখন মামলা করেন তখন তার স্বামী সহকারী জজ জানাননি। পরে পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছে।’
মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেন, গত ৩০ আগস্ট সকালে শাহবাগের ১৫ নম্বর কলেজ রোডে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ডরমিটরি (রুম নম্বর-৬২০, টগর) তিনি এবং তার স্বামী নজরুল ইসলাম অবস্থান করছিলেন। এ সময় জমি ক্রয়ের জন্য তার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন নজরুল ইসলাম। টাকা দিতে অস্বীকার করলে তার মাথায়, পেছন দিকে ঘাড়ে ও পিঠে এলোপাতাড়ি মারধর করেন নজরুল।
মামলার অভিযোগে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে বিষয়টি তার বড় ভাই রিয়াজ রহমানকে জানান। রিয়াজ পুরোনা ঢাকার লক্ষ্মীবাজার থেকে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। শারীরিক অবস্থার অবনতি হলে ৩১ আগস্ট তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
তিনি সাংবাদিকদের বলেন, ২০১৯ সালের জুন মাসে তাদের বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন নজরুল ইসলাম। বিষয়টি নিয়ে একাধিকবার আপস মীমাংসার চেষ্টা করলেও লাভ হয়নি।
