নিউইয়র্কে মঙ্গলবার শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন।
আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, সাধারণ পরিষদের সভাপতি এবং জাতিসংঘ মহাসচিব জলবায়ু সংকট, সংঘর্ষ এবং কভিড-১৯ এর এই চ্যালেঞ্জিং বছর মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোকে আশা ও ঐক্য জোরদারের আহ্বান জানিয়েছেন।
৭৬তম অধিবেশনের সভাপতি আবদুল্লা শহিদ বলেছেন, এটি একটি পীড়াদায়ক ও চ্যালেঞ্জের বছর।
তিনি নানা ধরনের চ্যালেঞ্জের কথা তুলে ধরে বলেন, বিশ্বের কোটি কোটি লোক অসুস্থ হয়েছে। লাখ লাখ লোক মারা গেছে। কোটি কোটি লোক মহামারির করুণ শিকারে পরিণত হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন, দুর্যোগ, সংঘর্ষ ও অস্থিতিশীলতার কারণে বিশ্ব জুড়েই উদ্বেগ রয়েছে।
আবদুল্লা শহিদ বলেন, পরিস্থিতির অবশ্যই পরিবর্তন আসবে। আর এ পরিবর্তনের জন্য আমাদের অবশ্যই উদ্যোগ নিতে হবে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উদ্বোধনী ভাষণে বলেছেন, যে কোন দিক থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার করছে। মানব সভ্যতার অদৃশ্য শত্রু মহামারি করোনা। এখন সময় তাকে মোকাবিলা করার।
আরও বলেন, সবার জন্য টিকা দেওয়ার গতি এবং চিকিৎসা সুযোগ বাড়িয়ে আমাদের এই শত্রু মোকাবিলা করতে হবে।
বিশ্ব যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে তা প্রকৃতিগত নয় উল্লেখ করে তিনি বলেন, এসব মানুষের তৈরি।
তিনি বিশ্ব অর্থনৈতিক পদ্ধতিকে ধনী-দরিদ্রের বিভাজনের জন্য দায়ী করে বলেন, মানুষের মাত্রাতিরিক্ত লোভ এই গ্রহকে ধ্বংস করছে।
গুতেরেস বলেন, কাজের মাধ্যমে আমাদের ঐক্য এবং বহুমুখী চেতনার মাধ্যমে আমরা এই সব চ্যালেঞ্জ ও বিভাজন দূর করতে পারি।
বিদায়ী সভাপতি ভলকান বজকির টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানান।
