চট্টগ্রামের সিআরবিতে বেসরকারি হাসপাতাল করার জন্য জায়গা বরাদ্দ দেওয়ার কঠোর সমালোচনা করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি বলেন, ‘সিআরবিকে বলা হয় চট্টগ্রামের অক্সিজেন। সেটাও নাকি বেসরকারি হাসপাতাল করার জন্য বরাদ্দ দেওয়া হবে। সব রাষ্ট্রীয় জায়গা বেসরকারি খাতে তুলে দেওয়া অত্যন্ত দুঃখজনক।
বুধবার সংসদ অধিবেশনে দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনাকালে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থা সরকার ধীরে ধীরে বেসরকারি খাতে তার কর্মীদের হাতে তুলে দিচ্ছে। করোনাকালে যে কয়টি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে মানুষকে সর্বস্বান্ত করার অভিযোগ আসছে বলতে কষ্ট লাগে তার মধ্যে সব থেকে শীর্ষে আছেন সরকার দলীয় একজন সংসদ সদস্যের হাসপাতাল এবং মেডিকেল কলেজ।’
সংসদে তিনি বলেন, ‘দেশ যায় কোন দিকে, মানুষের সমস্যা যায় কোন দিকে। মানুষ কোন বিষয় নিয়ে ভুগছে আর আমরা আলোচনা করছি কী? অদ্ভুত লাগে। করোনাকালে অর্থনৈতিকভাবে কতগুলো পরিবার পঙ্গু হয়ে গেছে সেই খবর কি আমাদের কাছে আছে? করোনাকালে হাতেগোনা কিছু রিপোর্ট আসছে যেখানে দেখা যাচ্ছে, করোনায় সংকটাপন্ন অবস্থায় পড়ে সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে নিরুপায় হয়ে মানুষ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে একেবারে সর্বস্বান্ত হয়ে গেছে।’
রুমিন বলেন, ‘অনেকে প্রাণে হয়তো বেঁচে গেছেন, কিন্তু অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছেন। জমানো টাকা শেষ হওয়া থেকে শুরু করে বিরাট ঋণের জালে আটকা পড়েছেন বহু মানুষ। করোনার আগে যেখানে মধ্যবিত্ত ছিল ৭০ শতাংশ সেখানে মধ্যবিত্ত নেমে দাঁড়িয়েছে ৫০ শতাংশ। দরিদ্র মানুষ যেখানে ছিল ২০ শতাংশ সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশ।’
