সাবেক সরকারি কর্মকর্তাদের ১২.৪ মিলিয়ন ডলার জব্দ করল তালেবান

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৩ পিএম

তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তারা বুধবার সাবেক সরকারের উপ-রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহসহ সাবেক শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে প্রায় ১২.৪ মিলিয়ন (১ কোটি ২৪ লাখ) ডলার নগদ অর্থ এবং বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে। খবর: টাইমস অফ ইন্ডিয়া।

এক বিবৃতিতে আফগান কেন্দ্রীয় ব্যাংক বলেছে যে, টাকা এবং স্বর্ণ কর্মকর্তাদের বাড়িতে রাখা হয়েছে, যদিও কী উদ্দেশ্যে তা এখনো জানা যায়নি।

আমরুল্লাহ সালেহের হদিস অজানা। তিনি তালেবানদের প্রতিরোধ করার ডাক দিয়েছিলেন। গত সপ্তাহে তার পরিবারের একজন সদস্য বলেছিলেন যে, তালেবানরা তার ভাই রুহুল্লাহ আজিজিকে হত্যা করেছে।

এক পৃথক বিবৃতিতে ব্যাংকটি আফগান নাগরিকদের দেশটির স্থানীয় আফগানি মুদ্রা ব্যবহার করার আহ্বান জানিয়েছে। দেশটি ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠান অর্থের অভাবে ভুগছে, বিশেষকরে ব্যাপকভাবে ব্যবহৃত মার্কিন ডলারের অভাব দেখা দিয়েছে। তার মধ্যেই এই আহ্বান জানানো হল।

দুই বাণিজ্যিক ব্যাংকার বলেন, তালেবানরা সাবেক সরকারি কর্মকর্তাদের সম্পদ পুনরুদ্ধার করতে চাইছে। কেন্দ্রীয় ব্যাংক গত সপ্তাহে স্থানীয় ব্যাংকগুলোকে একটি সার্কুলার জারি করে আগের সরকারের সঙ্গে যুক্ত রাজনৈতিকভাবে পরিচিত ব্যক্তিদের অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত