অ্যানফিল্ডে এসে লিভারপুলকে ভয় ধরিয়ে দিয়েছিল এসি মিলান। চ্যাম্পিয়নস লিগে বি গ্রুপের খেলায় ৯ মিনিটে স্বাগতিকরা এগিয়ে গেলেও প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় পুরনো প্রতিদ্বন্দ্বী মিলান। শেষ পর্যন্ত মোহামেদ সালাহ ও অধিনায়ক জর্ডান হেন্ডারসনের গোলে স্বস্তির জয় (৩-২) পেয়েছে ২০১৮-১৯-এর চ্যাম্পিয়নরা।
অ্যানফিল্ডে ম্যাচের নবম মিনিটে আলেকন্ডার আরনল্ডের ক্রস ঠেকাতে গিয়ে মিলান ডিফেন্ডার ফিকায়ো তোমোরির নিজেদেরই জালে ঠেলে দেন। ১৪ মিনিটে সালাহ পেনাল্টি মিস না করলে ব্যবধান দ্বিগুণ হয় লিভারপুলের। উল্টো প্রথমার্ধের শেষ দিকে দুমিনিটের মধ্যে আন্তে রেবিচ ও ব্রাহিম দিয়াজের গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। বিরতির পরপরই সালাহ সমতা ফেরান লিভারপুলের। ১০০ আন্তর্জাতিক ক্লাব ম্যাচে এটি তার ৩৮তম গোল। ৬৯ মিনিটে হেন্ডারসনের গোল হয়ে থাক জয়সূচক। ম্যাচ শেষে ক্লপ বলেন। ‘আমরা দারুণ শুরু করলাম (জয় দিয়ে)। আমরা দারুণ খেলেছি। ম্যাচটি বেশ উপভোগ্য ছিল। প্রথমার্ধের শেষ দিকে আমরা ভুগেছি। তবে দ্বিতীয়ার্ধে আমরা ম্যাচে ফিরেছি।’ বি গ্রুপের অপর ম্যাচে নিজেদের মাঠে পোর্তোর কাছে পয়েন্ট খুইয়েছে আতলেতিকো মাদ্রিদ। কোচ ডিয়েগো সিমিওনে আক্রমণে রেখেছিলেন ফেলিক্স ও সুয়ারেজকে। ৫৬ মিনিটে ফেলিক্সকে তুলে গ্রিজমানকে এবং কোকের বদলে অ্যাঞ্জেল কোরেয়াকে নামালেও ম্যাচের ফলে কোনো পরিবর্তন আসেনি।
