বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. সোলাইমানের নেতৃত্বে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস প্যারেড কন্টিনজেন্ট গত ১৬ সেপ্টেম্বর স্থানীয় সময় সকালে মেক্সিকো সিটিতে আয়োজিত প্যারেডে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত মেক্সিকোর প্রেসিডেন্টকে সালাম প্রদর্শন করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, প্যারেডে অংশগ্রহণকারী ৩৯ সদস্যবিশিষ্ট কন্টিনজেন্টের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর দুজন অফিসার, তিনজন জেসিও, অন্যান্য পদবির ১৬ জনসহ ২১ জন; বাংলাদেশ নৌবাহিনীর একজন অফিসার, একজন জেসিও, অন্যান্য পদবির ছয়জনসহ আটজন; বাংলাদেশ বিমানবাহিনীর একজন অফিসার, একজন জেসিও, অন্যান্য পদবির ছয়জনসহ আটজন এবং সশস্ত্র বাহিনী বিভাগ থেকে দুজন অফিসার রয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে এ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব প্রদান করা হয়েছে।
