গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্তে কেউ মারা যায়নি। তবে করোনা উপসর্গ নিয়ে মোসলেম উদ্দিন (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি নেত্রকোনার বাসিন্দা।
এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ও উপসর্গে ৭৩ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯৮ জন রোগী ভর্তি আছেন।
এদের মধ্যে আইসিইউতে ৮ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪০টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৭১ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৭৩১ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৩১৬ জন।
