যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিকোইয়া ন্যাশনাল পার্কের দিকে ধেয়ে আসছে ভয়াবহ দাবানল। আর উদ্যানে থাকা বিশ্বের সবচেয়ে উঁচু সিকোইয়া গাছটি বাঁচাতে ঢেকে দেওয়া হলো ফয়েল দিয়ে।
জেনারেল শেরম্যান নামে পরিচিতি একক-কান্ড গাছটির উচ্চতা ২৭৫ ফুট, যা স্ট্যাচু অব লির্বাটির চেয়েও উঁচু। আর ব্যাস ৩৬ ফুট। দানবীয় গাছটি মোড়াতে ব্যবহার হয়েছে অ্যালুমিনিয়াম ভিত্তিক অগ্নি-নিরোধক উপাদান।
সিএনএন জানায়, ইতিমধ্যে দাবানলে আশপাশের অঞ্চলের ১১ হাজার ৩৬৫ একর বন পুড়ে গেছে। ৯ সেপ্টেম্বর এ আগুনের সূত্রপাত হলে দর্শনার্থীদের উদ্যানে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।
এ উদ্যানে ২ হাজারের মতো সিকোইয়া গাছ রয়েছে। তাদের মধ্যে বিশেষ বিশেষ গাছগুলোকে বাঁচানোর জন্য ফয়েলের মোড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে হেলিকপ্টার থেকে অগ্নি-নিরোধক উপাদান ছড়ালেও ধোঁয়ার কারণে সে কাজে বেশি সুবিধা করা যায়নি। এ ছাড়া জাতীয় উদ্যানটির ইতিহাসে দাবানলে আক্রান্ত হওয়ার ইতিহাস নেই। এ কারণে এখানে প্রচুর পরিমাণ জ্বালানি রয়েছে।
সিকোইয়া রক্ষায় এ ব্যবস্থা না নিলে চলছিল না। কারণে ২০১৫ ও ২০২০ সালের দাবানলে সিয়েরা নেভাদা অঞ্চলে থাকা দৈত্যকার সিকোইয়ার দুই-তৃতীয়াংশ পুড়ে যায়। গত বছর আগুনে সাড়ে ৭ হাজার থেকে ১০ হাজার ৬০০টির মতো দানবীয় সিকোইয়া পুড়ে ছাই হয়। যাদের কোনো কোনোটির বয়স শত শত থেকে ৩ হাজার বছর পর্যন্ত।
