কক্সবাজার বেড়াতে এসে রাফসানুল হক (৩০) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ছাড়া আশংকাজনক অবস্থায় সাইমুন প্রিয়াম (২৮) ও রায়হান (৩০) নামে আরও দুই ছাত্রলীগ নেতাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান জানান, কক্সবাজার শহরের কলাতলীর বে ওয়ান ডাচ নামের একটি আবাসিক হোটেল থেকে অসুস্থ অবস্থায় তিন বন্ধু রাফসানুল হক, রায়হান ও সাইমুন প্রিয়ামকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক বিকেলে রাফসানুল হককে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এসপি জিল্লুর আরও জানান, হোটেল রেজিস্ট্রারে থাকা ঠিকানা মতে ওই তিন বন্ধুর বাড়ি চট্টগ্রামের কোতোয়ালি এলাকায়। তারা তিনজনই ছাত্রলীগ নেতা। গত বৃহস্পতিবার কক্সবাজার ভ্রমণে এসে ওই হোটেলে ওঠেন। তারা যে হোটেলে অবস্থান করছিলেন পুলিশ ওই হোটেলের কক্ষ থেকে মদের বোতল উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদপানে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। ঘটনাটি পুলিশ গুরুত্বসহকারে দেখছে।
