নতুন মৌসুমে প্রতিপক্ষের মাঠে প্রথম জয়ের দেখা পেল আর্সেনাল।
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির মাঠে জয়টা অবশ্য সহজে পায়নি মিকেল আর্তেতার দল। মার্টিন ওডেগার্ডের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তাদের। ফ্রি কিক থেকে ওডেগার্ডের গোলটি ছিল দেখার মতো।
বার্নলির বিপক্ষে তাদের ঘরের মাঠে খেলা সবসময়ই বড় এক চ্যালেঞ্জ। শন ডাইচের দল জমাট রক্ষণ ও দুরন্ত সাপোর্টে ভর করে প্রতিপক্ষকে এক চুলও জমি ছেড়ে দেয়না। তবে এদিন ম্যাচের শুরুতেই মাত্র পাঁচ মিনিটের মাথায় লিড নিয়ে এগিয়ে যেতে পারত আর্সেনাল। নিকোলাস পেপের শট একটুর জন্য গোলের বাইরে যায়। তবে ম্যাচের ৩০ মিনিটে অনবদ্য ফ্রি-কিক থেকে গানার্সদের এগিয়ে দেন মার্টিন ওডেগার্ড। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
বার্নলিও কিন্তু এক গোলে পিছিয়ে পড়লেও, পিছু হটতে রাজি ছিলনা। ঘণ্টাখানেকের মাথায় দুইবার ম্যাক্সওয়েল কর্নেটের শট আর্সেনাল গোলরক্ষক অ্যারন রাম্সডেল বাঁচিয়ে দেন। ম্যাচের ৬৮ মিনিটের মাথায় ক্ল্যারেটর্সরা পেনাল্টি পেলেও তা বাতিল হওয়ায় হাঁফ ছেড়ে বাঁচে আর্সেনাল।
ইনজুরি টাইমে ম্যাটে ভিড্রা ও জে রডরিগেজের হেডার গোলের বাইরে দিয়ে যায়। ম্যাচ শেষ হয় ১-০ স্কোরেই। এই জয়ের ফলে আর্সেনাল লিগ তালিকায় ১২ নম্বরে উঠে এসেছে। পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পাওয়া দলটির পয়েন্ট ৬।
