ক্রিকেটারদের পারফরম্যান্স দিয়েই জবাব দিতে বললেন রমিজ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০২:৫১ এএম

তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু দেড় যুগ পর পাকিস্তান সফরে গিয়েও শেষ মুহূর্তে সিরিজ বাতিল করে কিউইরা। যা নিয়ে পাকিস্তান ক্রিকেটে এখন টালমাটাল অবস্থা।

দীর্ঘ দিন বন্ধ থাকার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ধীরে ধীরে নিয়মিত হতে শুরু করেছিল। কিন্তু নিউজিল্যান্ডের এই সিদ্ধান্তে সেটা চ্যালেঞ্জের মুখেই পড়ে গেল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা এ অবস্থায় ক্রিকেটারদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন।

শনিবার এক ভিডিও বার্তায় রমিজ ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেছেন, মাঠের খেলা দিয়েই মেটাতে হবে মনের সমস্ত ঝাল। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘তোমাদের হতাশা ও ক্ষোভ দূর করতে হবে পারফরম্যান্সের মধ্যে দিয়ে। যখন তোমরা বিশ্বমানের দল হবে, তখন সবাই তোমাদের সঙ্গে খেলার জন্য লাইন দেবে।’

‘তাই এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে চাই। এগিয়ে যেতে হবে এবং শক্ত থাকতে হবে। হতাশ হওয়ার প্রয়োজন নেই।’- বলেন রমিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত