কিশোরীকে ধর্ষণের অভিযোগে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা গ্রেপ্তার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৯ পিএম

ময়মনসিংহে স্ত্রীর সহায়তায় টানা পাঁচ মাস এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে ময়মনসিংহ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি হোসেন আলীকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার দিবাগত রাত ১২টায় নগরীর কৃষ্টপুর এলাকা থেকে র‍্যাব-১৪ তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে।

এর আগে র‍্যাব-১৪'র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর বাবা। 

খবরের সত‍্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, এ ঘটনায় রোববার ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। ওই মামলায় হোসেন আলী ও তার স্ত্রী তামান্না বেগমকে (১৯) আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, নগরীর কৃষ্টপুর এলাকায় ভাড়া বাসায় থাকার সুবাদে প্রতিবেশী হোসেন আলী আমাদের বাসায় আসত। এ সুযোগে সে আমার কিশোরী মেয়ের (১৪) সঙ্গে কথাবার্তা বলত। 

চলতি বছরের ১৫ জানুয়ারি সকালে হোসেন আলীর তৃতীয় স্ত্রী তামান্না বেগম আমার মেয়েকে তাদের ঘরে ডেকে নিয়ে গিয়ে পূর্বপরিকল্পিত ভাবে সেভেন-আপের সাথে নেশা জাতীয় ওষুধ সেবন করায়। এতে আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ করে হোসেন আলী। 

পরে ঘটনাটি প্রকাশ করলে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে কিশোরীকে তার সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক করতে বলে অভিযুক্ত।

পরে একাধিকবার তামান্না বেগম ওই কিশোরীকে ডেকে এনে তার স্বামী হোসেন আলীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বাইরে বসে পাহারা দেয়। 

এইভাবে টানা ৫ মাস ওই কিশোরীকে ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে হোসেন আলী। 

পরবর্তীতে ঘটনাটি কিশোরী তার মাকে জানালে মান-সম্মানের ভয়ে তারা ভাড়া বাসা ছেড়ে অন‍্যত্র চলে যায়। 

কিন্তু হোসেন আলী সেখানেও অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে এলাকায় মহড়া দিয়ে আমার মেয়েকে অপহরণ করে হত‍্যার হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন মামলার বাদী।

ওসি আরও জানান, অভিযুক্ত হোসেন আলীকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হবে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত