মাঠের লড়াই শুরুর ঠিক আগ মুহূর্তে পাকিস্তান সিরিজ বাতিল করে নিউজিল্যান্ড। সেই আবহ কাটতে না কাটতেই পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংলিশদের এই সিদ্ধান্তে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান রমিজ রাজা। তার মতে, ‘ওয়েস্টার্ন ব্লক’ একজোট হয়ে পাকিস্তান ক্রিকেটকে বিপদে ফেলছে।
এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে রমিজ বলেন, ‘ইংল্যান্ড সফর বাতিল করায় আমি ভীষণ হতাশ, তবে এটা প্রত্যাশিতই ছিল। কারণ দুর্ভাগ্যজনকভাবে ওয়েস্টার্ন ব্লক এসব ক্ষেত্রে একজোট হয়ে পরস্পরের পাশে থাকে।’
রমিজ বলেন, ‘নিরাপত্তা হুমকি ও শঙ্কার কথা বলে আসলে যে কোনো সিদ্ধান্তই নেওয়া যায়। আমাদের ক্ষুব্ধ হওয়ার একটা কারণ, নিরাপত্তা শঙ্কার ধরন নিয়ে কোনো তথ্য নিউজিল্যান্ড আমাদের সাথে শেয়ার করেনি। এখন ইংল্যান্ডের ঘোষণা এলো। কারণ ওয়েস্টার্ন ব্লক এক জোট হয়ে পরিকল্পনা করে এবং সিদ্ধান্ত নেয়।’
এ সব বিষয়ে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) অভিযোগ করবেন বলে জানান রমিজ। সেই সাথে এমন পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়ার কথা বলেন তিনি, ‘আমরা ক্রিকেট পাগল জাতি। আমরা টিকে থাকব এবং অতীতের মতো নতুন পথ খুঁজে নেব। এটা হয়তো আমাদের পথে ছোট একটা বাধার সৃষ্টি করতে পারে। আমরা আইসিসিতে আওয়াজ তুলব। আইসিসির কাছে এসব বিষয় তুলে ধরব। আমরা লড়াই করে ঘুরে দাঁড়াব।’
রমিজ বলছেন, সফরকারী দলগুলোর আপ্যায়ন তথা নিরাপত্তা নিয়ে পাকিস্তান কখনো ত্রুটি রাখে না। নিজ দেশকে সেরা অতিথিপরায়ণ বলেও উল্লেখ করেন তিনি। কিন্তু অন্য দেশে গেলে অপমান সহ্য করতে হয় বলে মন্তব্য তার।
‘আমরা সফরকারীদের সেবা দিতে নিজেদের সীমা ছাড়িয়ে চেষ্টা করি, তাদের চাওয়াকে মাথায় তুলে রাখি। আমরা দুনিয়ার সেরা অতিথিপরায়ণ জাতি। কিন্তু আমরা তাদের দেশে গেলে কোয়ারেন্টাইনের সব নিয়ম মানি, অনেক অপমান করা হলেও সহ্য করি।’- বলেন রমিজ।
যোগ করেন, ‘তবে এখনই আমাদের শিখতে হবে, আমাদের যাতে লাভ হবে, তাই করবো।’
