একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদকে (বীরবিক্রম) জামিন দিয়েছে বরিশালের সাইবার ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশালের সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক তার জামিন আবেদন মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর জাতীয় নির্বাচন নিয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে বাবুল বিশ্বাসের নির্বাচনী আইনবহির্ভূত মোবাইলে কথোপকথন হয়। এ নিয়ে ভোলা জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ তালুকদার ওই বছরের ২৮ ডিসেম্বর লালমোহন থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
