বগুড়ার ধুনটে ধানক্ষেত থেকে রেশমা খাতুন (৩৮) নামে এক নারী ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত ৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ধুনট উপজেলার কুড়িগাঁতি গ্রামের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রেশমা খাতুন ধনুট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী। এ ছাড়া তিনি মথুরাপুর ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য।
বুধবার সন্ধ্যার আগে কুড়িগাঁতি গ্রামের এত ব্যক্তি ধানের জমির আইলে ঘাস কাটতে গিয়ে ক্ষেতের মধ্যে এক নারীর ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পায়। পরে পুলিশে সংবাদ দেওয়া হলে তারা মরদেহ উদ্ধার করে।
এ সময় পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের ভটভটি চালক ফরিদুল মরদেহের সঙ্গে থাকা ওড়না ও হাতের চুড়ি দেখে তার স্ত্রী রেশমাকে শনাক্ত করেন।
ফরিদুল পুলিশকে জানান, গত শনিবার রেশমা বেগম পার্শ্ববর্তী শেরপুর উপজেলায় ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। তার স্ত্রী নিখোঁজের বিষয়ে তিনি থানায় জিডি করেননি। এমনকি আত্মীয়-স্বজনদেরও জানাননি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মরদেহ বিকৃত হয়ে গেছে। শরীরের বিভিন্ন স্থানে পঁচন ধরেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
