কক্সবাজারের মহেশখালীতে সোমবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে প্রকাশ্যে অস্ত্র হাতে ঘুরে বেড়ানো এক যুবকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
অনেকে ফেসবুকের ক্যাপশনে লেখেন, ‘২০ সেপ্টেবম্বর মহেশখালীতে অনুষ্ঠিত কুতুবজোম ইউনিয়ন পরিষদের নির্বাচনে কেন্দ্র দখল ও সংঘর্ষ চলার সময় তোলা’।
খোঁজ নিয়ে জানা যায়, অস্ত্রধারী ওই যুবক কক্সবাজারের মহেশখালীর উপজেলার কুতুবজুম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর বাদশা ওরফে বেন্দু।
ইউপি নির্বাচন সূত্র জানায়, ২০ আগস্ট নির্বাচনের দিন কুতুবজোম ইউনিয়নের ছালের বাপের পাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটে। তখন ওই কেন্দ্র থেকে প্রত্যক্ষদর্শীরা এ ছবি তোলেন। পরে ছবিটি ফেসবুকে ভাইরাল হয়।
এ দিকে নির্বাচনের দিন কুতুবজোমের তিনটি কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে। এতে নৌকা ও স্বতন্ত্র দুই চেয়ারম্যানর প্রার্থীর একাধিক সমর্থক আহত হন এবং নৌকার সমর্থকদের গুলিতে কালাম নামের চশমা প্রতীকের সমর্থক নিহত হন বলে স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন খোকন দাবি করে।
এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হাই জানান, অস্ত্রধারী এক যুবকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং ছবিটি দেখেছি। তাকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
