সঞ্চয়পত্রে সুদের হার কমানোর ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৯ পিএম

বেশি লাভের আশায় বড় অংকের টাকা কেউ সঞ্চয়পত্রে ফেলে রাখুক, সরকার তা চায় না বলেই সুদের হার কমানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ ব্যাখ্যা দেন।

তিনি বলেন, যেভাবে সুদের হার কমানো হয়েছে, তাতে প্রান্তিক ও ক্ষুদ্র বিনিয়াগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন না।

সুদের হার তুলনামূলকভাবে বেশি হওয়ায় সঞ্চয়পত্রে যে চাপ পড়ছে, তাতে অর্থনীতির অন্যান্য চালিকাশক্তিগুলো বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, “এই ইনস্টুমেন্টটি আমরা রেখেছি, সাধারণত পেনশনার যারা তাদের জন্য এবং যারা আমাদের প্রান্তিক জনগোষ্ঠী তাদের জন্য। কিন্তু এখন আমরা লক্ষ্য করলাম, তুলনামূলকভাবে সুদের হার বেশি হওয়ার কারণে এখন সবাই এখানে চলে আসছে। ফলে আমাদের অর্থনীতির অন্যান্য চালিকাশক্তিগুলো, এগুলো অচল হয়ে যাচ্ছে।”

প্রতি বছর বাজেট ঘাটতি মেটাতে সরকারকে যে টাকা ঋণ নিতে হয় তার একটি অংশ আসে ব্যাংক থেকে, আর একটি অংশ সরকার সঞ্চয়পত্র বিক্রি করে জনগণের কাছ থেকে ঋণ নেয়। মেয়াদ শেষে সুদসহ সেই টাকা সরকারকে ফেরত দিতে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত