বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি জেলে না মুক্ত? মুক্ত হলে হুইল চেয়ারে করে চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাওয়ার পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘মিনমিন করা বাদ দেন, মাঠে নামেন। এই ভোট ডাকাতদের সরাতে চাইলে লাঠিসোঁটা যা আছে নিয়ে নেমে পড়ো। ভোট ডাকাতরা পালিয়ে যাবে।’
এনডিপি’র চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর প্রমুখ।
