জাফরুল্লাহ চৌধুরীকে এরশাদের দোসর জানতাম: রিজভী

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৭ পিএম

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সাবেক সেনাশাসক এইচএম এরশাদের দোসর জানতেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেছেন।

রিজভী বলেন, ‘উনাকে (জাফরুল্লাহ চৌধুরীকে) তো আমরা স্বৈরাচার এরশাদের দোসর হিসেবে জানতাম। তিনি এখন বক্তব্য রাখেন, গণতন্ত্রের কথা বলেন। এরশাদের সঙ্গে ওষুধ নীতি নিয়ে কী দহরম-মহরম করেছেন তা মানুষের জানা আছে।’

‘আজকে জাতির বিবেক হয়ে‌ছেন। কে কী করবে না করবে কার কী করা উচিত সেটার মাত্রা ছাড়িয়ে ছবক দিচ্ছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ যোগ করেন তিনি।

বিএনপি মুখপাত্র বলেন, ‘তিনি (জাফরুল্লাহ চৌধুরী) একজন বর্ষীয়ান ব্যক্তি, মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। বয়স্ক ব্যক্তি, কিন্তু সকল নর্মসের বাইরে কথা বলবেন তা হতে পারে না। তিনি মাঝে মাঝে বিএনপি ও বিএনপির নেত্রী সম্পর্কে এমন কথা বলেন, যা সব সভ্যতা-সুরুচির বাইরে চলে যায়।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কী অবস্থায় আছেন, সেটা জাফরুল্লাহ চৌধুরীর জানার কথা উল্লেখ তিনি বলেন, তারপরও জাফরুল্লাহ চৌধুরী খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে মাঝে মাঝে এমন মন্তব্য করেন, যে মন্তব্য রুচিশীল নয়। মনে হয় কোনো শক্তিকে খুশি করার জন্য তিনি এসব কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত