তামিমের নেপালে খেলতে যাওয়া ‘পুনর্বাসন প্রক্রিয়ার অংশ’

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৯ পিএম

চোট কাটিয়ে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন তামিম ইকবাল। আসরে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশি ওপেনারকে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার রাতেই তার নেপাল উড়ে যাওয়ার কথা।

তামিম চোটের কারণে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোট কাটিয়ে উঠতে তার দীর্ঘ সময় বিশ্রামের প্রয়োজন ছিল। সেই পর্ব শেষ করেই তামিম এখন নিজেকে মাঠের লড়াইয়ের জন্য তৈরি করছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম। তবে এক সময় বিশ্বকাপে খেলার পরিকল্পনা ভালোভাবেই ছিল তার। সেই পরিকল্পনার অংশ হিসেবেই খেলতে চেয়েছিলেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে। এখানে খেলে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়াই ছিল তার উদ্দেশ্যে।

এখন বিশ্বকাপে না খেললেও তামিম নেপালের লিগটিতে খেলবেন। কিছুদিন আগে সংবাদমাধ্যমকে বলেছিলেন ‘কমিটমেন্ট’ রাখতেই খেলতে যাবেন তিনি। তাতে তামিমের চোটের অবস্থাটাও বুঝতে পারবেন চিকিৎসকেরা।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, তামিমের নেপালে খেলতে যাওয়া আসলে পুনর্বাসন প্রক্রিয়ারই অংশ।

‘আমাদের সঙ্গে তামিমের যে পরিকল্পনা ছিল, তাতে এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলা পুনর্বাসন প্রক্রিয়ার একটা অংশ। খেলার মধ্যে বোঝা যাবে সে স্কিল ও অন্যান্য বিষয়ে কীভাবে ম্যানেজ করতে পারছে। আর এই খেলার ফিডব্যাকের উপর নির্ভর করে আমরা ওর পরবর্তী চিকিৎসা ঠিক করব।’- বলেন দেবাশীষ চৌধুরী।

তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত যে অবস্থা তাতে তামিম বেশ আত্মবিশ্বাস পাচ্ছে। সব স্কিল ট্রেনিংগুলো ও করতে পারছে, প্রায় পুরো প্রচেষ্টা দিয়ে। কিন্তু খেলার ব্যাপারটা অন্যরকম। যতক্ষণ পর্যন্ত ও প্রকৃত খেলার মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত নিজেকে ঠিকমতো জাজ করতে পারবে না। সুতরাং এই লিগে অংশ নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে।’

আরো পড়ুন

নেপালে খেলার ছাড়পত্র পেলেন তামিম

×
সর্বশেষ সর্বাধিক পঠিত