শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে সরকারি অনুদানের অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ১৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, যা প্রকাশ করা হয় গতকাল বৃহস্পতিবার।
এতে বলা হয়, ‘একটি চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান দেওয়া হবে বলে মিথ্যা আশ্বাস দিয়ে তাদের মোবাইল ব্যাংক হিসাবের গোপনীয় পিন কোড নম্বর জেনে নিয়ে সেই অ্যাকাউন্ট হতে অর্থ হাতিয়ে নিচ্ছে। ফলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সুনাম নষ্ট হচ্ছে এবং এ বিভাগের প্রতি সাধারণ মানুষের বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে।’
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচয় দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিকট মোবাইল ব্যাংক হিসাবের গোপনীয় পিন কোড চাওয়া হয় না।’
