বঙ্গোপসাগর থেকে ৪ লাখ ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার পাঁচ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:২১ পিএম

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে চার লাখ ৩০ হাজার ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন গোবিন্দরকিল এলাকার রশিদ উল্লাহ (৪২) ,চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন লাইক্ষ্যার চর এলাকার আমানত করিম (৩৮), কক্সবাজার জেলার ঈদগাও থানাধীন পূর্ব বোয়ালখালী এলাকার নাসির উদ্দিন (৩৬), কক্সবাজার জেলার ঈদগাও থানাধীন বিলিজাপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম (২০) এবং কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তরপাড়া শাহপরীরদ্বীপ ০৮ নম্বর ওয়ার্ডের মো. ছৈয়দুর রহমান (৪৮)।

শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কক্সবাজার র‍্যাব-১৫ উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। পরে ট্রলারটি তল্লাশি চালিয়ে চার লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এক সপ্তাহ আগে থেকে ইয়াবা পাচারকারী চক্রের ওপর নজর রাখছিল র‍্যাব। সেই চক্রের একটি চালান আসার খবরে গভীর সমুদ্রে এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত