চবিতে বন্ধ হলে সিট দখল নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৩ পিএম

বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আহত হন। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে এ মারামারির ঘটনা ঘটে।

আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের মো. সাব্বির ও একই সেশনের দর্শন বিভাগের মো. সীমান্ত। তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে একাকার গ্রুপের নেতা সালেহ আকরাম বাপ্পি বলেন, ‘গভীর রাতে আমাদের ঘুমন্ত জুনিয়র কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে ভিএক্সের কর্মীরা। আমরা রবিবার প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেব।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, ‘জুনিয়রদের মধ্যে হাতাহাতি হয়েছে বলে শুনেছি। বিষয়টা রাতেই সমাধান হয়ে গেছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘ছাত্রদের মধ্যে ঝামেলা হয়েছিল। আমরা রাতে মীমাংসা করে দিয়েছি। লিখিতভাবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত