করোনাভাইরাস মহামারিতে দেড় বছর ধরে বন্ধ থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও শর্তসাপেক্ষে সশরীরে ক্লাস ও পরীক্ষা নিতে পারবে।
তবে সরাসরি শিক্ষা কার্যক্রমে যাওয়ার আগে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণ বা টিকার জন্য নিবন্ধন করতে হবে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি বৃহস্পতিবার এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানিয়েছে।
কমিশনের পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত নির্দেশনায় টিকা সংক্রান্ত শর্ত মেনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাস খুলতে নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে বলে জানানো হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের পাঠানো নির্দেশনায় ইউজিসি জানিয়েছে, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়ে নিজেদের ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস, পরীক্ষাসহ অন্যান্য শিক্ষা কার্যক্রম চালু রাখতে পারবে।’
