শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা সদরের দুটি দোকানে দেশীয় পাখি কেনা-বেচা ও মামদামারীতে পাখি শিকারের অপরাধে তিন ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে জেলার শ্রীবরদী উপজেলা মধ্য বাজারে ও মামদামারী গ্রামে দুটি পৃথক স্থানে অভিযান হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. আতাউর রহমান।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলা সদরের একটি দোকানে দেশীয় পাখি কেনা-বেচা করা হয়, এমন তথ্য পেয়ে ওই দোকানে অভিযান চালিয়ে অবৈধ পাখি বিক্রেতাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে পাঁচটি টিয়া ও তিনটি তিলা ঘুঘু উদ্ধার করা হয়।
এ ছাড়া উপজেলার মামদামারী গ্রামে অভিযান চালিয়ে এক পাখি শিকারীকে আটক করা হয়। তার কাছ থেকে চারটি বেগুনি কালেম, একটি ডাহুক, একটি পানকৌড়ি ও পাঁচটি বক উদ্ধার করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. দুলাল (৫০), আনোয়ার (৩০) ও সোহেল (৩০) নামে তিনজনকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
উদ্ধার করা পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করে পাখি ধরার ফাঁদ ধ্বংস করা হয় এবং জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়।
আদালত পরিচালনা করার সময় বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, ওয়াইল্ডলাইফ রেঞ্জার, থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
