পশ্চিম তীরে চার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০২:৪৪ পিএম

অধিকৃত পশ্চিম তীরের জেনিন ও জেরুজালেম এলাকায় রবিবার রাতভর সামরিক অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনীর হাতে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ হেলিল আল-জাজিরাকে নিশ্চিত করেছেন যে, উত্তর-পশ্চিম জেরুজালেমের বিদ্দু গ্রামে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদেরকে তাদের পরিবার আহমদ জাহরান, মাহমুদ হামিদান এবং জাকারিয়া বাদওয়ান বলে চিহ্নিত করেছে।

হেলিল নিশ্চিত করেছেন, ইসরায়েলি বাহিনী জেনিন শহরের দক্ষিণ-পশ্চিমে বুরকিন গ্রামে ওসামা সোবোহ নামে ২২ বছর বয়সী এক যুবককেও হত্যা করেছে।

হেলিল বলেন, আরও একজন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে, কিন্তু তারা এখনও তা নিশ্চিত হতে পারেন নি।

তিনি আরও জানান, বিদ্দুর তিন ফিলিস্তিনির লাশ ইসরায়েলি সেনা হেফাজতে রয়েছে।

সরকারি ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার মতে, ইসরায়েলি বাহিনী বোরকিনে অভিযান চালিয়ে একটি বাড়ি ঘিরে ফেলে এবং সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ওসামা সোবোহ (২২) নিহত হন।

বিদ্দুর কাছে বেইত আনান শহরে অভিযান চালানোর পর ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আহমদ জহরান নিহত হন।

আল জাজিরা সংবাদদাতা জানান, গুলি বিনিময়ের সময় দুই ইসরাইলি সেনা আহত হয়েছে। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, হামাসের কর্মীদের গ্রেপ্তারের লক্ষ্যে ইসরায়েলি সেনাবাহিনী এই অভিযান চালায়।

কুফরদান এবং ইয়াবাদের জেনিন গ্রামেও অভিযান ও গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

পশ্চিম তীরের শহর ও গ্রামে ইসরায়েলের সামরিক অভিযান একটি দৈনন্দিন বাস্তবত। তবে গত কয়েক মাস ধরে জেনিন এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনিরা সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলছে।

গত মাসে, ইসরায়েলি সেনাবাহিনী জেনিন শরণার্থী শিবিরে চারজন ফিলিস্তিনিকে হত্যা করার পরও ফিলিস্তিনিরা সশস্ত্র প্রতিরোধে নামে এবং ব্যাপক বন্দুক লড়াই হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত