প্রীতি ম্যাচে হংকংকে ৫ গোল সাবিনাদের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৫১ পিএম

দু’ম্যাচে ১০ গোল খেয়ে ওমেন্স এশিয়ান কাপের বাছাইপর্বে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী দল। উজবেকিস্তানে তাসখন্দে তারা জর্ডান ও ইরানের বিপক্ষে দু’ম্যাচেই গোল হজম করেছিল ৫টি করে। এরপর সেখানে হঠাৎ করেই হংকংয়ের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলতে সম্মত হয় বাংলাদেশ। হংকং এফ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে। গ্রুপ ম্যাচে তারা ফিলিপাইনের কাছে হারলেও নেপালের সঙ্গে ড্র করে। অথচ সেই হংকং কাল পাত্তাই পায়নি বাংলাদেশের কাছে। সাবিনা খাতুনের চার গোলের সুবাদে ম্যাচটা গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা জিতেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে। ১৮ মিনিটে তহুরা খাতুনের গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশের বাকি চারটি গোলই করেছেন অধিনায়ক সাবিনা। প্রথমার্ধের ৪৩ মিনিটে ২-০ করার পর দ্বিতীয়ার্ধের ৫৩, ৫৭ ও ৮৫ মিনিটে গোল করেন তিনি। যদিও এমন একটা জয় ফিফা টায়ার-১ ম্যাচের স্বীকৃতি না পাওয়ায় রেকর্ডবুকে লেখা থাকবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত