ঠিক ২০০ নয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এর চেয়েও বেশি নম্বর পেয়েছে পরীক্ষার্থী। আবার ১৯৮ নম্বরও পেয়েছেন আরেকজন। আর পরীক্ষা ছিল ১০০ নম্বরে! পশ্চিমবঙ্গের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেখা গেল আজব এ মেধাতালিকা।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বিশ্বভারতীর বিনয় ভবনের এমএড-এর মেধাতালিকা প্রকাশিত হয়েছে। যা দেখে সবার চোখ কপালে উঠেছে। এমন ত্রুটিপূর্ণ মেধাতালিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে।
অবশ্য বিষয়টি নিয়ে এখনো মন্তব্য করেনি কর্তৃপক্ষ।
জানা যায়, এমএড পাঠক্রমে ভর্তির জন্য অনলাইনে প্রবেশিকা পরীক্ষা হয়েছিল গত ১৪ সেপ্টেম্বর। পরীক্ষা দিয়েছিলেন বিশ্বভারতীর অভ্যন্তরীণ এবং অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ওই পাঠক্রমটির ৫০টি আসনের মধ্যে ২৫টি অভ্যন্তরীণ এবং ২৫টি আসন বাইরের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য সংরক্ষিত।
১০০ নম্বরের পরীক্ষার মধ্যে ৬০ নম্বর লিখিত এবং ৪০ নম্বর আগের পরীক্ষার ফলাফলের ওপর নির্ধারিত হয়। পরীক্ষার পর মেধাতালিকার ভিত্তিতেই ভর্তির সুযোগ পান পরীক্ষার্থীরা। কিন্তু সেখানে দেখা যাচ্ছে, ভাষা বিভাগে দুজন পূর্ণমান একশোর মধ্যে পেয়েছেন যথাক্রমে ২০০ ও ১৯৮ এর কিছুটা বেশি। সমাজবিজ্ঞান বিভাগে দুজন পেয়েছেন যথাক্রমে ১৯৬ ও ১৫১-এর কিছু বেশি।
