বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশের (সিএমপি) বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২১ গতকাল মঙ্গলবার সাভার সেনানিবাসের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে (সিএমপিসিঅ্যান্ডএস) অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীপ্রধান ও সিএমপির ষষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। সেনাবাহিনীপ্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সামরিক কর্মকর্তা এবং সিএমপির অধিনায়কদের উদ্দেশে তার দিকনির্দেশনা ও উপদেশমূলক বক্তব্য রাখেন। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বক্তব্যে সেনাপ্রধান আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক, বাস্তবমুখী এবং উদ্ভাবনী চিন্তা-চেতনাসম্পন্ন প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা করেন এবং কোরের প্রত্যেক সদস্যকে অভিনন্দন জানান। সম্মেলনে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক অফিসাররা উপস্থিত ছিলেন।
