ঢাকা কলেজ ছাত্রলীগের সঙ্গে উত্তরের সভাপতির বাদানুবাদ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০১ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে ছাত্রলীগের আনন্দ র‌্যালির প্রস্তুতির সময় ঢাকা কলেজ ছাত্রলীগের ব্যানার টেনে ফেলা ও নেতাকর্মীদের গালমন্দ করার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম হোসেনের বিরুদ্ধে। 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার পর সংসদ ভবন এলকায় এ ঘটনার ঘটে বলে অভিযোগ করেন ঢাকা কলেজ ছাত্রলীগের একাধিক নেতাকর্মী ৷ তবে এ অভিযোগ অস্বীকার করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ৷ 

ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগের একাধিক নেতাকর্মী জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সংসদ ভবনের সামনে ব্যানার নিয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। আনুমানিক সাড়ে ১০টার পর ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম মিছিলসহ ওই স্থানে আসেন। তিনি উপস্থিত ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের সরে যেতে বলেন। এর পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে এসে তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের ব্যানার টেনে ফেলে দেন এবং উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে 'হু আর ইউ, তোরা কে?' এমন শব্দ উচ্চরণ করেন। এরপর ঢাকা কলেজ ছাত্রলীগ ও ঢাকা মাহানগর উত্তর ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বেশ উত্তপ্ত বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কি হয়। পরে ঘটনাস্থল ত্যাগ করার আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের সান্ত্বনা দেন। 

ঘটনাস্থলে উপস্থিত ঢাকা কলেজ ছাত্রলীগের জালাল উদ্দিন বলেন, 'আমার সঙ্গে কথাকাটাকাটি হইছে। পরে প্রেসিডেন্ট (আল নাহিয়ান খান জয়) এসে মিটমাট করে দিছে। তবে মারামারি হয় নাই।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রলীগের কাওছার হাসান। তিনি বলেন, আমরা আমাদের ইউনিট নিয়ে ব্যানারসহ দাঁড়িয়ে ছিলাম। উত্তরের সভাপতি তার ইউনিট নিয়ে পাশে ছিল। আমাদের ব্যানারে স্পষ্ট নাম লেখা আছে। এটা তো তার নিয়ন্ত্রণাধীন ইউনিট না। প্রথমে তার নিয়ন্ত্রণাধীন ইউনিটের মতো ব্যবহার করেছে। এর পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে এসে আবারও রাফ ব্যবহার শুরু করছে। উনি আমাদের ব্যানার টান দিয়ে ফেলে 'হু আর ইউ, তোরা কারা?' এসব বলে যা তা ব্যবহার করেছে। আমরা বলছি, আপনি এভাবে কথা বলতে পারেন না। পরে রাগারাগি-ধাক্কাধাক্কি করে চলে আসছি। 

ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা বলছেন, দীর্ঘদিন ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি না থাকার ফলে এমন বঞ্চনার স্বীকার হতে হয় তাদের। কমিটি না থাকা এবং নেতৃত্ব তৈরি না হওয়ার কারণে আনেক ক্ষেত্রে অবহেলার স্বীকার হচ্ছে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। 

তবে ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম হোসেন  বলেন, এ ধরনের কোনো ঘটনাই ওখানে ঘটে নাই। ওখানে ব্যানারে কেউ হাতও দেয় নাই। ওদেরকে জাস্ট আমি বড় ভাই হিসেবে বলেছি, একটু সামনে আগায়ে যা। আর বড় ভাই হিসেবে আমি তো এটুকু বলতেই পারি, যাতে উচ্ছৃঙ্খল না হয় স্বাভাবিক থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার আমি ফেলতে যাব কেন? এটা কোন কথা! 

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসে বিষয়টি সমাধান করে দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'এ ধরনের কোনো গ্যাঞ্জাম হয় নাই যে মিটাইয়ে দিতে হবে। কয়েকটা ছোট ভাই দেখি আমাকে নিয়ে স্ট্যাটাস দিছে। ওদের সঙ্গে কোনো দ্বন্দও নাই, ক্যাচালও হয় নাই৷ পরবর্তীতে ওরা হয়তো ভাইদের (ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক) সঙ্গে কথা বললে ভাইরা বুঝায়ে দিছে'। 

ঘটনার বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়কে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত