মালদ্বীপে জামালদের সবাই করোনা নেগেটিভ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০১:১৭ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মঙ্গলবার মালদ্বীপ পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার বিকেল থেকেই অনুশীলনে নেমে পড়বেন অস্কার ব্রুজোনের শিষ্যরা।

এদিন এক বিজ্ঞপ্তিতে বাফুফে লিখেছে, ‘মঙ্গলবার বাংলাদেশ জাতীয় ফুটবল দল মালদ্বীপ আগমন করেছে। ইতিমধ্যেই খেলোয়াড়দের কভিড-১৯ টেস্ট করানো হয়েছে এবং সকল খেলোয়াড়ের টেস্টের ফল নেগেটিভ এসেছে।’

এদিন বাংলাদেশ সময় বিকেল ৫টায় অনুশীলন জামালদের।

১ অক্টোবর শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে অংশ নিচ্ছে মোট পাঁচটি দল। স্বাগতিক মালদ্বীপ ও বাংলাদেশ ছাড়াও রয়েছে— ভারত, নেপাল ও শ্রীলঙ্কা।

আসরে খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রথম পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। এরপর সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুই দল ১৬ অক্টোবর ফাইনাল খেলবে।

উদ্বোধনী দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৪, ৭ ও ১৩ অক্টোবর ভারত, মালদ্বীপ ও নেপালের বিপক্ষে খেলবেন জামাল-তপুরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত