আড়াইহাজারে দুর্নীতির অভিযোগে দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬ জনের সনদ বাতিল করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় আড়াইহাজার উপজেলা সাব রেজিস্ট্রার মো. কাউছার খান তাদের হাতে সনদ বাতিলের চিঠি তুলে দেন।
বহিষ্কৃতরা হলেন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন, দলিল লেখক মো. সাজ্জাদ পারভেজ, মো. জাকারিয়া জাকির, মো. কাজল ঢালী ও আশরাফুল কবির মানিক।
জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, ২০১৯ সালে তৎকালীন সাব রেজিস্ট্রার সফিউল বারী কর্মরত থাকাকালীন সময়ে একটি হেবা বেল এওয়াজ দলিল রেজিস্ট্রি হয়। এতে ৬ লাখ টাকা সরকার রাজস্ব হারায়।
এই ঘটনায় তখন বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের নজরে আসে। তখন দুর্নীতি দমন কমিশন আইজিআরকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন।
আইজিআর একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি ঘটনার সত্যতা পেয়ে ২৬ সেপ্টেম্বর নিবন্ধন অধিদপ্তর ঢাকা বিভাগ এর রেজিস্ট্রি অফিসসমূহের পরিদর্শক শেখ মো. আনোয়ারুল হক স্বাক্ষরিত একটি চিঠিতে তাদের সাময়িক বহিষ্কার করেন এবং চিঠি প্রাপ্তির ১৫ দিনের মধ্যে জবাব জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
আড়াইহাজারের সাব রেজিস্ট্রার মো. কাউছার খান জানান, বুধবার সকাল ১১টায় আমি কর্তৃপক্ষের আদেশ পালন করে অভিযুক্তদের হাতে চিঠি পৌঁছে দেই। এতে আমার কোন সম্পৃক্ততা নেই। এই ঘটনা আমি যোগদানের অনেক আগে।
সরেজমিনে দেখা গেছে, বহিষ্কারের চিঠি হাতে পেয়ে দলিল লেখকেরা সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে মিছিল বের করে।
আড়াইহাজার উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আমান উল্লাহ আমান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা এর বিরুদ্ধে আপিল করবো।
