কলেজে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল শিক্ষার্থীর

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪১ পিএম

`ছেলে আমার মোটরবাইক কিনে চেয়েছিল, এখন সেই মোটরসাইকেলে প্রাণ গেল তার’ বলে ছেলের লাশ জড়িয়ে বিলাপ করছেন বাবা। একমাত্র ছেলে সৈয়দ তৌফিকুল ইসলাম রায়হান (২১), কলেজ যাওয়ার পথে ফেনীর পরশুরাম সড়কের রানীর হাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা নিহত হয়েছেন। তিনি ফেনী সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

বুধবার সকাল ১০টার দিকে কলেজ যাওয়ার পথে ফেনীর পরশুরাম সড়কের রানীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তৌফিকুল ইসলাম রায়হান ফুলগাজী উপজেলার দরবারপুর গ্রামের নুরুল আফছারের ছেলে ও ফেনী সরকারি কলেজের গণিত বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, কিছুদিন আগে ছেলের শখের মোটরসাইকেলটি কিনে দেন তার বাবা। সেই মোটরসাইকেলেই প্রাণ গেল আদরের সন্তানের।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে প্রাইভেট পড়তে মোটরসাইকেল নিয়ে ফেনী শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রায়হান। রানীর হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত