সাবেক সংসদ সদস্য ও বিএনপি খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলায় (অভিযোগ) চার্জ গঠন করেছে আদালত। গতকাল বুধবার খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতে তাদের বিরুদ্ধে এ চার্জ গঠন হয়। এর মাধ্যমে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
মামলার অন্য আসামিরা হচ্ছেন- বিএনপি নেতা জামাল হাওলাদার, আজিজুল করিম, মো. আলী, আবুল হক (শুভ), জাহান আলী, মুজিবুর রহমান, হাবিবুর রহমান, হেলাল শেখ, মিরাজ হাওলাদার, ইসমাইল হোসেন, এমএ সালাম, কালাম হোসেন, আরিফ হোসেন, বাবুল হাওলাদারসহ ৩১ জন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর খুলনা সদর থানায় এ নাশকতার মামলাটি করা হয়। মামলায় নির্বাচনকে ঘিরে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা ও শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত যুক্তফ্রন্টের জনসভায় আগত নেতাকর্মীর গাড়িতে হামলার পরিকল্পনার অভিযোগ করা হয়। ওই মামলার বাদী খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এসআই গোপিনাথ সরকার। ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর তিনি আদালতে চার্জশিট দাখিল করেছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের দুটি ধারায় ওই আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
আসামি পক্ষে আইনজীবী অ্যাড. গোলাম মওলা বলেন, এটি বিশেষ ক্ষমতা আইনে সাজানো একটি মামলা। এ মামলা সাক্ষ্যগ্রহণে আদালতে মিথ্যা প্রমাণিত হবে।
