ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কাল

প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৫ শিক্ষার্থী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৪ এএম

আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে গড়ে ৪৫ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের ৭ হাজার ১৪৮টি আসনের বিপরীতে মোট ৩ লাখ ২৪ হাজার ৩৪০ শিক্ষার্থী আবেদন করেছে এবার। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।

করোনা মহামারীর পরিস্থিতি মাথায় রেখে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আটটি বিভাগীয় শহরের আট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষার কেন্দ্র থাকবে। চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিভাগের শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ে, সিলেট বিভাগের শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিভাগের শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিভাগের শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবং ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবে।

সূচি অনুযায়ী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ২ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট এবং ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ পরিবর্তনের সমন্বিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এ ছাড়া ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ‘সাধারণ জ্ঞান’ পরীক্ষা হবে।

‘ক’ ইউনিটের ১ হাজার ৮১৫টি আসনের বিপরীতে এবার ভর্তি পরীক্ষার আবেদন করেছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৭ শিক্ষার্থী। ‘খ’ ইউনিটের ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৭ হাজার ৬৩২ জন, ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৭০ আসনের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন এবং ‘চ’ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে ১৫ হাজার ৪৯৬ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন।

এই হিসাবে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়বেন গড়ে ৬৫ জন, ‘খ’ ইউনিটে ২০ জন, ‘গ’ ইউনিটে ২১ জন, ‘ঘ’ ইউনিটে ৭৪ জন এবং ‘চ’ ইউনিটে ১১৫ জন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, যেকোনো ধরনের জালিয়াতির বিরুদ্ধে সব সময় আমাদের জিরো টলারেন্স নীতি থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, গোয়েন্দা বিভাগ প্রশ্ন ফাঁসসহ যেকোনো বিষয়ে আমাদের সহায়তা দেবে।

৩০ আসন বাড়ল : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ৩০টি আসন বাড়ানো হয়েছে। এবার পাঁচ ইউনিটে আসন সংখ্যা ৭ হাজার ১৪৮, যা ২০১৯-২০ শিক্ষাবর্ষ ছিল ৭ হাজার ১১৮।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিট ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে এই আসন বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের আবহাওয়া বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ কারণে এখানে বিশটি আসন বেড়েছে। অপরদিকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত আধুনিক ভাষা ইনস্টিটিউটের ফ্রেঞ্চ ও জাপানিজ ভাষায় পাঁচটি করে সর্বমোট ১০টি আসন বাড়ানো হয়েছে। যেখানে পূর্বের আসন ছিল ১০টি করে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটে আসন ছিল ১৭৯৫, যা বর্তমানে ১৮১৫ এবং সামাজিক বিজ্ঞান অনুষদে ছিল ১৫৬০, যা বৃদ্ধি পেয়ে ১৫৭০ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত