বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের এভিয়েশন শিল্প দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে। আগামী ১৫ বছরে এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি হবে তিনগুণ।
তিনি বলেন, ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের এভিয়েশন সেক্টর দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এবং বিগত ১০ বছরে যাত্রী এবং কার্গো পরিবহন প্রায় ১০ শতাংশ হারে বেড়েছে। এভিয়েশন সেক্টরের বিপুল প্রবৃদ্ধির এ সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হলে বিপুল কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি দেশের আর্থ-সামজিক অবস্থার উন্নয়ন হবে।
বৃহস্পতিবার ইউএস বাংলা এয়ার লাইন্সের যশোর-চট্টগ্রাম এবং যশোর-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট উদ্বোধন উপলক্ষে যশোর বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বলেন তিনি।
পরে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৃথক আরেকটি অনুষ্ঠানে ইউএস বাংলা এয়ারলাইন্সের সৈয়দপুর-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট উদ্বোধন করেন।
মাহবুব আলী বলেন, এভিয়েশন খাতকে গুরুত্ব দিয়ে এর উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্ব ও নির্দেশনায় দেশের এভিয়েশন খাত ধারাবাহিকভাবে বিকশিত হয়ে উন্নীত হচ্ছে আন্তর্জাতিক মানে। উন্নয়ন ও সমৃদ্ধির মধ্য দিয়ে বাড়ছে দেশের আকাশ পথে সংযোগের পরিধি। সারাদেশে বিমান পরিবহন অবকাঠামোর যুগোপযোগী উন্নয়ন ও সম্প্রসারণ, যাত্রীসেবা বৃদ্ধি, কারিগরি ও দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ ও সুষ্ঠু বিমান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে। দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে চলমান রয়েছে বিভিন্ন উন্নয়ন কাজ।
তিনি বলেন, এই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর নির্দেশে যশোর বিমানবন্দরকেও আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। দেশের কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে কার্গো উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে। এর ফলে যশোরের ফুল ও কৃষি পণ্য রপ্তানি হবে বিভিন্ন দেশে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে সরকারের আন্তরিকতায় দেশে ব্যবসা ও বিনিয়োগের সবচেয়ে ভালো পরিবেশ বিরাজ করায় বেসরকারি উদ্যোক্তারা বিনিয়োগে ভরসা পাচ্ছেন, স্বস্তিবোধ করছেন। অন্যান্য ব্যবসার পাশাপাশি এভিয়েশন খাতেও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রায়াত্ব এয়ারলাইন্সের পাশাপাশি আমাদের দুটি বেসরকারি এয়ারলাইন্সও ব্যবসায় ভালো করছে।
তিনি বলেন, তাদের সেবার মাধ্যমে অর্জন করেছে গ্রাহকদের আস্থা। দিনে দিনে তারা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে তাদের গন্তব্যের সংখ্যা বৃদ্ধি করছে। বাড়ছে তাদের ব্যবসার পরিধি।
ইউএস বাংলা এয়ারলাইন্স বিভিন্ন জেলার মধ্যে আকাশ পথে যোগাযোগ স্থাপন করার জন্য নতুন নতুন রুট চালু করায় তাদের ধন্যবাদ জানিয়ে মাহবুব আলী বলেন, আকাশ পথে এই যোগাযোগ বৃদ্ধির ফলে মানুষের সহজ ও আরাদায়ক ভ্রমণের সুযোগ তৈরির পাশাপাশি তা আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের প্রসারেও ভূমিকা রাখবে। আঞ্চলিক কানেক্টিভিটি বৃদ্ধির এই উদ্ভাবনী ধারণার জন্য ইউএস বাংলার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
ইউএস বাংলা এয়াররলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে যশোরের অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, আনোয়ারুল আজিম আনার, মো. নাসির উদ্দিন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. শাফকাত আলী, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার প্রমুখ।
সৈয়দপুরের বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলার চেয়ারম্যান মোকসেদুল মমিন, পৌরসভার চেয়ারম্যান রাফিকা আক্তার জাহান, নীলফামারী জেলার পুলিশ সুপার মোখলেসুর রহমান ও জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী প্রমূখ।
