ইংল্যান্ডের খেলোয়াড়রা বাড়িতে থাকলেও অ্যাশেজ হবে: পেইন

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ০৮:০৬ পিএম

অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন জানিয়েছেন, আসন্ন অ্যাশেজ অবশ্যই হবে। এমনকি কভিড বিধিনিষেধের কারণে যদি ইংল্যান্ডের খেলোয়াড়রা সফরে আসার সিদ্ধান্তও না নেয়, তবুও অ্যাশেজ চলবে।

আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা। মূলত এই করোনাকালে অস্ট্রেলিয়ায় কঠোর প্রটোকলের কারণে অ্যাশেজ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছেন বেশ কিছু ইংলিশ ক্রিকেটার।

তবে এই বিষয়টিকে তেমন গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না অজিদের টেস্ট অধিনায়ক পেইন।  তিনি জানান, জো রুট সফরে না এলেও অ্যাশেজ সিরিজ সময় মতোই অনুষ্ঠিত হবে।

ইংলিশ অধিনায়ক জো রুট ও বেশ কয়েকজন ইংলিশ ক্রিকেটার জৈব সুরক্ষা ক্লান্তির কারণে সফর নিয়ে অনাগ্রহ প্রকাশ করেছেন। আশঙ্কা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার কঠোর প্রোটোকলের কারণে ইংলিশরা পরিবার সঙ্গে নিয়ে সফরে যেতে পারবে না। 

অস্ট্রেলিয়ার সরকার এবং দেশটির ক্রিকেট বোর্ডও চায় না, করোনার মধ্যে পরিবার নিয়ে কোনো দল সফরে আসুক। কিন্তু ইংলিশরা পরিবার ছাড়া সফর করতে রাজি নন।

তবে পেইন আশাবাদী, সময়মতোই অ্যাশেজ চলবে। নিজ দেশের রেডিও স্টেশন এসইএন হোর্বাটকে তিনি বলেন, ‘রুট এখানে না খেললেও অ্যাশেজ ৮ ডিসেম্বর থেকে শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এরপরে তারা বিমানে উঠবে কি-না তাদের বেছে নিতে হবে। ইংল্যান্ডের কোনো ক্রিকেটারকে কেউ আসতে বাধ্য করছে না। আপনি যদি আসতে না চান, তাহলে আসবেন না।’

ইংলিশ ক্রিকেটারদের পরিবার তাদের সঙ্গে অস্ট্রেলিয়া যেতে পারবে কি-না তা নিয়ে আলোচনা চলছে, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মধ্যে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত