আফগানিস্তান বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায় উল্লেখ করে দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন, ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীড়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়া, চীন এবং পাকিস্তানের রাষ্ট্রদূতদের সঙ্গে কাবুলে এক বৈঠকে বারাদার এ কথা বলেন।
বারাদার বলেন, ইসলামি আমিরাত অফ আফগানিস্তান বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায়। কারও যদি আমাদের সঙ্গে কোনো সমস্যা থেকে থাকে তবে আমরা তা আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমাধানে প্রস্তুত আছি। অন্যের ক্ষতি করার কোনো নীতি বা উদ্দেশ্য আমাদের নেই। ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীড়।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি বলেন, আমরা সুশাসনের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে চাই। একই সঙ্গে এ অঞ্চল ও বিশ্বের সঙ্গেও একটি নতুন রাজনৈতিক অধ্যায় খুলতে চাই।
