মেহেরপুরে সংঘর্ষে বৃদ্ধ নিহত মিরসরাইয়ে নৈশপ্রহরী খুন

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০২:২৪ এএম

মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম সামছুল ইসলাম (৬৫)। এ ঘটনায় আবার সংঘর্ষের আশঙ্কায় গ্রামটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের ছেলে পল্লীচিকিৎসক আবদুস সামাদের ভাষ্যমতে, সীমানাপ্রাচীর নির্মাণ নিয়ে প্রতিপক্ষ শরীফ হালসোনাদের সঙ্গে গতকাল শনিবার সকাল ৮টার দিকে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এর আধা ঘণ্টা পর শরীফ হালসোনা লোকজন নিয়ে তাদের ওপর হামলা করে। হামলাকারীরা তার বাবা সামছুল ইসলামকে ধরে নিয়ে গিয়ে গলাটিপে হত্যা করে। তিনি বলেন, ‘নিরাপত্তার অভাবে মামলা করতে থানায় যেতে পারছি না।’ একাধিক গ্রামবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, শরীফ হালসোনার লোকজন বয়স্ক সামছুল আলমকে যেভাবে জাপটে ধরে নিয়ে গেছে, তাতে ভীতসন্ত্রস্ত হয়ে কিংবা শ্বাসরোধে তিনি মারা গেছেন।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অপরদিকে, চট্টগ্রামের মিরসরাইয়ে একটি স’মিলে দায়িত্বরত নৈশপ্রহরী নুরুল আমিনকে (৫৫) খুন করেছে দুর্বত্তরা। গত শুক্রবার রাতে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের বড়কমলদহ কমর আলী রাস্তার পাশে ছোটন চৌধুরীর স’মিলে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার বেলা ১১টায় ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা নুরুল আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। নুরুল আমিন ওয়াহেদপুর ইউনিয়নের বড়কমলদহ এলাকার দলিলুর রহমান বাড়ির মৃত আহম্মেদুর রহমানের ছেলে।

জানা গেছে, শুক্রবার রাতে বড়কমলদহ এলাকায় অবস্থিত ছোটন চৌধুরীর মালিকানাধীন স’মিলের পানির মোটর ও ট্রান্সফরমারের তিনটি কয়েল চুরি হয়। ধারণা করা হচ্ছে, ওই সব সামগ্রী চুরির সময় নৈশপ্রহরী নুরুল আমিন দেখে ফেলেন বা বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় চোরের দল তার হাত-পা বেঁধে হাতুড়ি ও গাছ দিয়ে পিটিয়ে হত্যা করে চলে যায়।

এ বিষয়ে মিরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, সুরতহালে তার মাথা, পা ও কানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত